বাংলাদেশ ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আজ রোববার এ আদেশ দেন। ৯ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম।
অভিযোগ গঠনের সময় আসামি আল আমিন নিজেকে নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। যৌতুকের জন্য মারধরের অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর আল আমিনকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন স্ত্রী ইসরাত জাহান।
ইসরাত জাহান মামলায় দাবি করেন, আল আমিনের সঙ্গে তার বিয়ে হয় ২০১২ সালে। পরে তাদের দুটি সন্তান হয়। গত বছরের ২৫ আগস্ট আল আমিন তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় তাকে মারধর করেন আল আমিন।
যৌতুকের জন্য মারধর করার অভিযোগ ও ভরণ পোষণ চেয়ে, গত বছরের ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা করেন ইসরাত জাহান।
২৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান আল আমিন। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলার আরজিতে বলা হয়েছে, দুই সন্তানের খরচসহ প্রতি মাসে ৬০ হাজার টাকা ভরণপোষণ চান বাদী।