রূপকথা-চুপকথা
দৃষ্টিসুখের আয়েশী প্রেম ,
হতোই যদি বা সত্যি—
পরদেশী ঐ মেঘের বুকেই বাসা
থাকতো একরত্তি।
সোনার আলোয় হতো যদি তোমার
সঙ্গে দেখা —-
নিবিড় ভালবাসায় তোমায়
যেতো কি ঘরে রাখা!
যাযাবরী ডানায় তোমার
দ্বীপান্তরের টান,
বকুলকুঞ্জে ডাকে কপোত মধুর
বোলতান।
আমার বুকের বাসায় কেন
পূর্বী শোনায় বাঁশি,
হাজার বছর প্রতীক্ষাতেও
মোছে না তার হাসি।
দীপ্ত আলোর প্রতিচ্ছবি
খুঁজতে আমি ক্লান্ত
তোমার সঙ্গে দেখা না হলে
হতাম পথশ্রান্ত।
ঝলমলে এক রাতের আকাশে তুমিই
ধ্রুবতারা
বাউল মন নিঝুম উদাস আঙুলে
একতারা।
পথ চলতি ঘাটের পারে কত গোপন
বিষাদ
অন্ধ পাগল ছুটছে আজও ছন্দে
কোমল-নিষাদ।
কড়ি-কোমল মীড়ের রঙে রঙিন
রাতের বাতি
আলগোছে রোশনাই জাগে একলা
আমার সাথী।
রূপকথা নয় অরূপসাগরে
তুমিই রাজার রাজা
রাজপুরীতে পাষাণকন্যা এ যে
যক্ষপুরীর সাজা।
জন্ম-জন্মান্তরের সে যে—-
অতীত হয় না তবু,
তোমার সঙ্গে দেখা আবার
স্মৃতিরা নিভু নিভু।
Author
-
শ্রীমতী জয়িতা ঘোষ হালদারের জন্ম কলকাতায় রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনে। স্কুলজীবন ক্রাইস্ট চার্চ স্কুল, বাগবাজার মাল্টিপারপাস স্কুল ও কলেজ দমদম মতিঝিল কলেজ , কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের স্নাতক। প্রথম লেখা প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালে। এরপর ২০১২ সাল থেকে নিয়মিত বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়। নিজের সাহিত্যকর্ম প্রবন্ধ, পুস্তক সমালোচনা, কবিতা-গল্প-উপন্যাস সব রকম লেখার চর্চায় নিয়োজিত। এছাড়া সঙ্গীত চর্চা, অনুষ্ঠান সঞ্চালনা, ইউটিউব চ্যানেলের কাজ জীবনচর্যার বিশেষ অঙ্গ। প্রথম প্রকাশিত গল্প সংকলন "স্বপ্নসোপান"। ন্যাশানাল লাইব্রেরীতে এক কপি গৃহীত এবং আরো দুটি পাঠাগারে স্থান পেয়েছে। মাত্র ছ'মাসে প্রথম সংস্করণ নিঃশেষিত। সদ্য প্রকাশিত দ্বিতীয় বই "কথার আলাপ"--- প্রবন্ধ সংকলন। বিশিষ্ট পাঠকের কাছে সমাদৃত হয়েছে।
View all posts