এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনেই ঝামেলা ছাড়া সব রিটার্ন দাখিল করা যাবে সে ব্যবস্থা নেওয়া হয়েছে আয়কর নিয়ে দেশবাসীকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।
আয়কর নিয়ে দুটি বিষয় উল্লেখ প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এ ব্যবস্থাই নেওয়া হয়েছে।
ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং বেশকিছু বহুজাতিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন থেকে এভাবে আয়কর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইন ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন, তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায়-জেলায়, শহরে-শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি, এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য।
ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। পর্যায়ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার পথ মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক সেই কামনা করছি।
এদিকে করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়তে এনবিআর বদ্ধপরিকর। এই লক্ষে গত ৯ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।