বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থাটির ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
জাতিসংঘে যোগদানের আগে তিনি ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির প্রকাশিত ‘এশিয়া ২১ ইয়াং লিডারস’ তালিকায় স্থান পান মীর নাদিয়া নিভিন। এশিয়ার ৩৯টি দেশের ৪০ বছরের কম বয়সী উদীয়মান ও সফল নেতাদের নিয়ে ২০০৬ সাল থেকে এ তালিকা প্রকাশ করে আসছে সংস্থাটি।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে আইডিআরএ এ পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান পেয়েছে। মীর নাদিয়া নিভিন সংস্থাটির ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের বীমা খাতে সুশাসন, সংস্কার ও আধুনিকায়নের গতি আরও বাড়বে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।