রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়ক সম্প্রসারণের দোহাই দিয়ে শতবর্ষী দুটি বিশাল কড়ই গাছ কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শুরু হয়েছে তোলপাড়। সবাই গাছ দুটি রক্ষা করে মহাসড়ক সম্প্রসারণের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার (৩১শে মে) দুপুরে স্থানীয় কিছু যুবক শতবর্ষী গাছটির চারদিক ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে তাতে লাল রং লাগিয়ে রক্তাক্ত অবস্থার আবহ সৃষ্টি করেন। সেখানে লিখে দেন ‘আমাকে বাঁচান, আমারও প্রাণ আছে, আমাকে বাঁচতে দিন’। এ সময় সেখানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং শিক্ষকসহ অনেকেই জড়ো হন।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘গাছগুলো রক্ষা করে মহাসড়ক সম্প্রসারণের জন্য যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে। উন্নয়ন যেমন জরুরি, তার চেয়েও বেশি জরুরি পরিবেশ বান্ধব গাছগুলো রক্ষা করা।’
স্কুলশিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘বিশালাকার গাছগুলো এলাকার মানুষ ও দোকানদার, দূর-দূরান্তের যাত্রী ও ফুটপাতের মানুষদের বছরের পর বছর ধরে ছায়া দিয়ে আসছে। তপ্ত রোদে গরমে মানুষ গাছগুলোর নিচে বসে একটু হাফ ছেড়ে নিশ্বাস নেয়। বিশ্বের কোনও সভ্য দেশে এভাবে অতি উপকারী গাছপালা কেটে কোনও উন্নয়ন কাজ করে না।’
সাংবাদিক শামীম শেখ বলেন, ‘গাছগুলোর নিচে মাঝেমধ্যেই রাজনৈতিক সভা-সমাবেশ হয়। অনেকেই গাছের নিচে বসে ছোটখাটো ব্যবসা করে থাকেন। এগুলো কেটে ফেলা হলে গোটা বাসস্ট্যান্ড এলাকা খাঁ খাঁ করবে। মরুর ন্যায় হয়ে যাবে। এ গাছগুলো রক্ষা করা খুব জরুরি।’
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি বলেন, ‘আমি জনসাধারণের দাবির সঙ্গে একমত। গাছগুলো রক্ষা করে উন্নয়ন কাজ করা গেলে খুব ভাল হয়।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন বলেন, ‘গাছ দুটি এলাকার জন্য খুবই জরুরি। তবে মহাসড়কের সম্প্রসারণের জন্য টেন্ডারের মাধ্যমে বৈধভাবেই এগুলো কাটা হচ্ছে। জনসাধারণের দাবির প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। এ ছাড়া বিষয়টি নিয়ে বন বিভাগ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।