যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে। মার্কিন প্রতিনিধিদলে দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী সদস্যরা ছিলেন।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের সুযোগ, পরিবেশ সুরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক কারখানার নিরাপত্তা, পরিবেশবান্ধব প্রবৃদ্ধি, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে শিল্পের অগ্রগতিতে আলোকপাত করেন।
এ ছাড়া তিনি ইউএসটিআর ও মার্কিন শ্রম বিভাগের কর্মকর্তাদের কাছে বিজিএমইএর আরবিট্রেশন কাম কনসিলিয়েশন কমিটির (সিএসি) কার্যক্রমসহ অন্যান্য উদ্যোগ তুলে ধরেন। এই কমিটির মাধ্যমে বিনা পারিশ্রমিকে শ্রমিকদের বিকল্প বিরোধ নিষ্পত্তি পরিষেবা দেওয়া হচ্ছে।
একজন অবসরপ্রাপ্ত জেলা জজের নেতৃত্বে আরবিট্রেশন কাম কনসিলিয়েশন কমিটি কারখানার মালিক ও কর্মচারীদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করছে বলে জানান ফারুক হাসান। এতে শ্রম আদালতে মামলার সংখ্যা কমছে, শ্রমিকদের সময় ও সম্পদ বাঁচছে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে শ্রম আইন সংশোধনের কথাও তুলে ধরেন ফারুক হাসান।
বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক হারুন অর রশিদ, আইএলও–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি আ ন ম সাইফুদ্দিন, ফরেন মিশন সেল–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি শামস মাহমুদ এবং প্রচার ও প্রকাশনাসংক্রান্তÍকমিটির চেয়ারম্যান শোভন ইসলাম।
মার্কিন প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য ভারপ্রাপ্ত সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, ইউএসটিআরের দক্ষিণ এশিয়া কার্যালয়ের পরিচালক মাহনাজ খান, মার্কিন শ্রম বিভাগের বাণিজ্য ও শ্রমবিষয়ক কার্যালয়ের উপপরিচালক ক্রিস্টোফার কাজলাউসকাস, জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া আঞ্চলিকবিষয়ক পরিচালক সিমাস হোয়াইটসেল ও মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাচে লীনা খান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের পোশাকশিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।