দেশে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সাধারণ নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ার বিষয়ে আল-আমিন শেখ জানান, চলতি বছর ১৮ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ ডিসেম্বরের ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করে। একই সঙ্গে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে, এ মর্মে আরো একটি আদেশ জারি করে এনবিআর।
চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা, প্রয়াত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিক ব্যতীত সব ব্যক্তিশ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৫-২৬ করবর্ষে বেশ কয়েক শ্রেণীর করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হলেও তারা চাইলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এছাড়া করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
পাশাপাশি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের e-Tax Service অপশন এবং দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সরাসরি সেবা পাওয়া যাচ্ছে বলে জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা।