দেশে সোনার দাম কমানোর দু্ইদিন না যেতেই আবারও বাড়লো দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ।
ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে ২৯১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ছিল ১ লাখ ১১ হাজার ১৫৮টাকা।
আজ বৃহস্পতিবার (২১শে মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল শুক্রবার (২২শে মার্চ) থেকে এ দামে স্বর্ণ বিক্রি করা হবে।
সর্বশেষ গত ১৯ মার্চ সোনার দাম সমন্বয় করেছিল জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ১,৭৫০ টাকা কমানো হয়। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ১ লাখ ১১হাজার ১৫৮ টাকা।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২৯১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১,১৪,০৭৪ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২,৭৪১টাকা বেড়ে বিক্রি হবে ১,০৮,৮৮৩ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরি প্রতি ৯৩৩১২ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১৯৮৩ টাকা বেড়ে ৭৭৭৯৯ টাকা হবে।
অপরদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি।
সোনার দাম যেন সবজির বাজারের মতো উঠানামা করছে। সোনার দাম এমন উঠানামা করার কারণে তৃনমুল পর্যায়ের ব্যবসায়ীরা দারুন বিপাকে পরেছেন বলে জানিয়েছে তারা।