অ্যাপল ২০০৭ সাল থেকে প্রতি বছর নতুন নতুন ফিচারের আইফোন বাজারে আনছে। আইফোনের জন্মলগ্ন থেকেই ফিজিক্যাল কিবোর্ড দেওয়া হয়নি। এরপরও সারা বিশ্বেই জনপ্রিয়তার তুঙ্গে আইফোন সিরিজ। প্রযুক্তি বাজারে একের পর এক এমন হ্যান্ডসেট লঞ্চ হতে থাকে। ধীরে ধীরে ফিচার ফোন কম হারে আসতে থাকে। এর পরিবর্তে বাজার দখল করে স্মার্টফোন।
বর্তমান সময়ের এই স্মার্টফোন এবং ফিজিক্যাল কিবোর্ড উঠে যাওয়ার পথপ্রদর্শক বলা যায় আইফোনকে। তবে এবার সেই আইফোনের জন্যই বাজারে হাজির হচ্ছে কেস, যাতে ফিজিক্যাল কিবোর্ড দেওয়া আছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ক্লিকস নামের একটি কোম্পানি আইফোনের জন্য কিবোর্ড কেস বাজারে আনছে। জনপ্রিয় ইউটিউবার মাইকেল ফিশার এই কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি এবং তাঁর প্রতিষ্ঠান এমন একটি কিবোর্ড নিয়ে আসছেন, যা আইফোনে স্ট্র্যাপের মতো ঢুকে যায় এবং ফোনে একটি কোয়ের্টি কিবোর্ড দেয়।
ফিজিক্যাল কিবোর্ড সুবিধার কেসটির কারণে আইফোনের আকার সামান্য বাড়বে। সেই অতিরিক্ত স্থানে থাকবে কিবোর্ড। কেসটি পরানো অবস্থায় ফোন চার্জ দেওয়া যাবে। আপাতত দুটি রঙে পাওয়া যাবে কেসটি। একটি উজ্জ্বল হলুদ এবং অপরটি গ্রে রঙের।
এই কেস আইফোনে পরানোর পর লুক বদলে যাবে। অনেকটা ব্ল্যাকবেরি ফোনের মতো হয়ে যাবে দেখতে। তবে এই কেস ব্যবহার করলে একাধিক সুবিধা মিলবে। ইমেইল লেখার কাজটা যেমন সহজ হবে, তেমনই আবার ফোন থেকে যেকোনো ডকুমেন্টও অনায়াসে পাঠাতে পারবেন। কিবোর্ডটিতে CMD+H প্রেস করলে আপনি আইফোনের হোমস্ক্রিনে যেতে পারবেন, আবার CMD+Space প্রেস করলে সার্চ করতে পারবেন। এ ছাড়া ফোনের ক্লিকস অ্যাপের মাধ্যমে আরও কিছু শর্টকাট সুবিধা পাওয়া যাবে।
আগামী মাসেই আইফোন ১৪ প্রো এবং মার্চে ১৫ প্রো ও প্রো ম্যাক্স ভার্সনের জন্য কিবোর্ড কেসটির বাজারজাত শুরু করবে ক্লিকস। এর দাম পড়বে ১৩৯ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।