হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর লোহিত সাগর রুটে চলাচল করা জাহাজ গুলো বিশ্বের বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করছে। এতে অর্থ ও সময় বেশি ব্যয় হওয়ায় জাহাজ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতের বৃহৎ প্রতিষ্ঠান মায়েরস্ক ও সিএমএ সিজিএম অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, লোহিত সাগরে হামলার পর জাহাজ প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে অন্য রুটে পণ্যবাহী জাহাজ পরিচালনা করছে। এত যাত্রাপথ হচ্ছে দীর্ঘ। সেই সঙ্গে বাড়ছে ব্যয়। এতে জাহাজ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতের বৃহৎ প্রতিষ্ঠান মায়েরস্ক ও সিএমএ সিজিএম অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেছে।
গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান মায়েরস্ক জানিয়েছে, লোহিত সাগরে পণ্য পরিবহনে বিদ্যমান ‘ঝুঁকি, বিলম্ব হওয়া এবং অসুবিধা’ থাকায় তাৎক্ষণিকভাবে ২৭টি বাণিজ্য রুটে একটি ট্রানজিট ডিজরাপশন সারচার্জ (টিডিএস) আরোপ করা হবে। একই রুটে নতুন বছর থেকে একটি ইমার্জেন্সি কন্টিনজেন্সি সারচার্জও (ইসিএস) আরোপ করা হবে।
অর্থাৎ, উত্তর আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে একটি ২০ ফুটের কনটেইনার পরিবহনের খরচ জানুয়ারি মাস থেকে বাড়ছে ১ হাজার ডলার। কোম্পানিটি জানিয়েছে,
কনটেইনার পরিবহনে একটি প্রতিষ্ঠানকে টিডিএস বাবদ ২০০ ডলার এবং ইসিএস বাবদ ৮০০ ডলার গুনতে হবে।
একইভাবে বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) ফ্রান্সভিত্তিক সিএমএ সিজিএম এক ঘোষণায় জানিয়েছে, নিরাপত্তার কারণে বেশ কয়েকটি জাহাজকে লোহিত সাগরের পরিবর্তে ঘুরে আফ্রিকার দক্ষিণ প্রান্তের রুট ব্যবহার করতে হচ্ছে। তাই অবিলম্বে ১১টি বাণিজ্য রুটে সারচার্জ আরোপ করা হবে। এর মানে দাঁড়াচ্ছে, উত্তর ইউরোপ থেকে এশিয়ায় পরিবহন করা একটি ২০ ফুটের কনটেইনারের জন্য পরিবহন ভাড়া বাবদ ৩২৫ ডলার অতিরিক্ত দিতে হবে।
এই উভয় প্রতিষ্ঠানই হ্যাপাগ-লয়েড এবং এমএসসিসহ সেসব শিপিং কোম্পানির দলের মধ্যে রয়েছে যারা ক্রু ও জাহাজের নিরাপত্তার কারণে সুয়েজ খাল এড়িয়ে চলছে। লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়েই সাধারণত বিশ্বের ৩০ শতাংশ কনটেইনার পরিবহন বাণিজ্য হয়ে থাকে।
ইসরাইল-হামাস সংঘাত শুরুর পর থেকে এই রুটে হামাস ও ফিলিস্তিনি জনগণকে সমর্থনকারী ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিমান হামলা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে শিপিং কোম্পানিগুলোকে আফ্রিকার সুদূর দক্ষিণ প্রান্তে অবস্থিত কেপ অব গুড হোপ রুট দিয়ে তাদের কিছু জাহাজ ঘুরিয়ে পরিবহন করতে হচ্ছে। ফলে বাড়ছে কয়েক সপ্তাহের ট্রানজিট সময় এবং খরচ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।