দৃশ্যত পৃথিবীর উদ্যান ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গুণী সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ। গত ১৪ই জুলাই ভোরে তার মৃত্যু হয়। আজ সোমবার (১৭ই জুলাই) তাকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।
এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিকের মরদেহ। সেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১২টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধানুষ্ঠানে বুলবুল মহলানবীশকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, ছায়ানট, সেক্টর কমান্ডার ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতা-সদস্যরা। এসেছিলেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সংগীতশিল্পী তিমির নন্দীসহ আরও অনেকে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে কাজ করেছিলেন বুলবুল মহলানবীশ ও তিমির নন্দী। এদিন শ্রদ্ধা নিবেদন শেষে তিমির নন্দী বলেন, ‘তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের, দেশের মানুষের অনেক চাওয়া ছিলো তার কাছে। কিন্তু তিনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। তার এই চলে যাওয়ায় আমরা একজন অভিভাবক হারালাম, তেমনি দেশ একজন রত্ন হারালো।’ গুণীজন ও মুক্তিযোদ্ধাদের জীবিত থাকা অবস্থায় রাষ্ট্রীয় সম্মান দেওয়ার আহ্বানও জানিয়েছেন এই শিল্পী।
বরেণ্য সাংবাদিক আবেদ খান বলেন, ‘বুলবুলের কথা ছিলো না এত আগে চলে যাওয়ার! তিনি মনেপ্রাণে ভালোবাসতেন বাংলাদেশকে, ভালোবাসতেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে। তিনি তার জীবদ্দশায় অসাধারণ শক্তিমান যোদ্ধার মতো কাজ করে গেছেন। আমাদেরকে শূন্য করে চলে গেছেন তিনি। কিন্তু তিনি যতটুকু আমাদের জন্য রেখে গেলেন, তা কি আমরা বরণ করে নিতে পারবো! আমি মনে করি বুলবুল চলে গেছেন কিন্তু তিনি আমাদের মধ্যে, আমাদের স্মৃতিতে থাকবেন।’
উল্লেখ্য, বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ই মার্চ বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। পেশাগত জীবনে দীর্ঘ দিন শিক্ষকতাও করেছেন তিনি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করছিল, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটি প্রচার হয়। এই গানের অন্যতম শিল্পী বুলবুল মহলানবীশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।