দুই তারকা স্পেনে থাকাকালে এল ক্লাসিকোসহ লড়াইটা বেশ জমতো। দর্শকরাও মন দিয়ে উপভোগ করতেন সেই লড়াই। তা ছাড়া দু’জন ছিলেন দুই জায়ান্ট ক্লাবের মধ্যমণি। সেদিক থেকেও সবার আগ্রহের কেন্দ্রে থাকতেন তারা। ফুটবল পায়ে তাদের কারিকুরিও চলত দারুণ। সব মিলিয়ে ইউরোপে তখন রোনালদো-মেসি মুখোমুখি মানেই বাড়তি উন্মাদনা।
দু’জন আবার দুই প্রান্তে চলে যাওয়ায় সেই রোমাঞ্চের অবসান হয়েছিল, তবে আবার শুরু হতে যাচ্ছে, জমে ওঠার অপেক্ষায় আসর। অপেক্ষা করেন ঘড়ি ধরে গুনতে থাকুন সময়। সৌদিতে ১লা ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে তারা। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর পেশির চোট অনেকটাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সিআর সেভেন সমর্থকদের। কিন্তু সেই চোট থেকে অনেকটাই নাকি সেরে উঠেছেন তিনি। সে ক্ষেত্রে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনাও জেগেছে।
এরই মধ্যে রিয়াদে পৌঁছে গেছে মেসি বাহিনী। ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার আগেও সৌদিতে একটা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দু’জন। তখন মেসি পিএসজির খেলোয়াড়। সবে বিশ্বকাপ জিতে প্যারিসে যান। সেখান থেকে আবার সৌদিতে। এর পর প্রো লিগের তারকাদের নিয়ে একটা দল গড়ে পিএসজির সঙ্গে ম্যাচ খেলানো হয়। সেখানেই সর্বশেষ দেখা হয়েছিল তাদের। এর পর কোনো পুরস্কার বিতরণীতেও দেখা হয়নি। ফিফা বিশ্বকাপ জেতার পর পরই দ্য বেস্ট জিতেছিলেন মেসি। সেখানেও ছিলেন না রোনালদো। মূলত ইউরোপ ছাড়ার পর দু’জনের পথটা ভিন্নই হয়ে যায়।
সবকিছু ঠিক থাকলে ১লা ফেব্রুয়ারি রাত ১২টায় কিংডম অ্যারেনায় আল নাসরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেখানে যে তারার মেলা বসতে যাচ্ছে। তার আগেই ম্যাচ খেলবে মেসিরা। সেটি আবার নেইমারের ক্লাব আল হিলালের সঙ্গে। একই ভেন্যুতে ২৯শে জানুয়ারি রাত ১২টায় আল হিলাল নামবে ইন্টার মায়ামির বিপক্ষে। যদিও ইনজুরির কারণে ম্যাচটি খেলা হবে না নেইমারের। হয়তো দর্শক সারিতে দেখা যেতে পারে তাঁকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।