ছবিটি দেখার জন্য পশ্চিমবঙ্গের দর্শক যে উন্মুখ হয়ে আছে, তার আঁচ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি আগেই টের পেয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। তাই আগেই পরিবেশক হিসেবে ছবির প্রযোজকের সঙ্গে চুক্তিটা সেরে নিয়েছে তারা। এরই ফলশ্রুতিতে আগামী ২১শে জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ঢাকার সিনেমা ‘সুড়ঙ্গ’।
মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ক’দিন আগেই। এবার প্রকাশ্যে এলো হলের তালিকা। ভারতের বঙ্গ অঞ্চলের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে সিনেমাটি।

বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহ সত্ত্বেও অবশ্য পরবর্তীতে এর হল সংখ্যা বাড়েনি। তবে দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে ছবিটির, যেটা শুভ ইঙ্গিত নিঃসন্দেহে।
এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ই জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। Surongo-(সুড়ঙ্গ)| Official Trailer | Afran Nisho | Raihan Rafi | Tama Mirza
যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। যদিও বাংলাদেশে মুক্তির আগে কেবল সংলাপহীন একটি ফোরটেস্ট (পূর্বাভাস) সামনে এনেছিলেন নির্মাতা-প্রযোজকরা। তবে নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।
‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ওপার বাংলায় মুক্তি উপলক্ষে তারা কলকাতায় যাবেন বলে জানা গেছে। ইতোমধ্যে সেরেছেন ভিসা আবেদন প্রক্রিয়াও। সবকিছু ঠিকঠাক থাকলে নির্মাতা রায়হান রাফীসহ তারা শিগগির উড়াল দেবেন ‘সিটি অব জয়’র উদ্দেশ্যে।
পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’র সাফল্য প্রত্যাশা করে তমা মির্জা বলেছেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি সমান হিট হবে। সেই আভাসই পাচ্ছি।’
উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তোমা মির্জা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।