তাপস বাপী দাস আর নেই।বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ রোববার সকালে তিনি মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের অন্যতম এ প্রতিষ্ঠাতা সদস্য।
‘ফিরব না পিছনে…আর অন্ধকারে…শব্দবিহীন শব্দের এই আঁধারে…এই সুরে বহুদূর’–এই গানের মতই গানের স্রষ্টা চলে গেলেন চিরদিনের জন্য না ফেরার দেশে।
ফুসফুসের ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন তাপস বাপী দাস। অর্থাভাব থাকায় চিকিৎসা পর্যন্ত করাতে পারছিলেন না একটা সময়। দুরারোগ্য এই ব্যাধির বিপুল খরচের কাছে একটা সময় তাঁর পরিবার যেন নতিস্বীকার করতে বাধ্য হয়। বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতার চিকিৎসায় তহবিল গঠনের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন দুই বাংলার শিল্পীরা। কিন্তু শেষ রক্ষা হলো না। তাপস বাপী দাস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন কলকাতার এস এস কে এম হাসপাতালে।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রূপম। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা…থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপিদা, সশরীরে তুমি আর নেই। কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।’
মহীনের ঘোড়াগুলির অন্যতম মুখ ছিলেন তাপস দাস। গানপ্রেমীদের কাছে তিনি ‘বাপিদা’ নামেই পরিচিত ছিলেন। দুই বাংলায় জনপ্রিয় হওয়া বেশ কিছু গানের কথা লিখেছেন তিনি। গৌতম চট্টোপাধ্যায়ের পাশে থেকে ‘মহীনের ঘোড়াগুলি’ গানের দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাদের ‘ পৃথিবী’, ‘টেলিফোন’, ‘তোমায় দিলাম’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
বাপিদার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ভক্তরা। দুই বাংলায় অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বাপিদার করা ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’ জনপ্রিয় গানের লিংক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।