শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (DESCO) ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, ডেসকোর ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার এ প্রেফারেন্স শেয়ার হবে রূপান্তর অযোগ্য, নন-কিউমুলেটিভ, যার কর-পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে এ শেয়ার ইস্যু করা হবে। এর প্রতিনিধিত্ব করবেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদুৎ বিভাগের সচিব।
উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে সরকার, যা এতদিন কোম্পানির আর্থিক বিবরণীতে সরকারি ইকুইটি হিসেবে দেখানো হতো।