অর্থ লিপি

৪ জুন ২০২৬ বৃহস্পতিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্প বলছেন গ্রেপ্তার হবেন, যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় ট্রাম্পের বেশ কয়েকজন সমর্থক বিক্ষোভ করেছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ট্রাম্পের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা পাঁচ বছর ধরে তদন্ত করছেন।

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলের দাবি, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। কিন্তু এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

এ আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান ৭৬ বছরের ট্রাম্প।

ট্রাম্প গত সপ্তাহজুড়েই বলেছেন, তিনি আগামীকাল মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন। সমর্থকদের তিনি বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। যদিও ট্রাম্পের আইনজীবী বলেছেন, গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে গ্রেপ্তারের আশঙ্কা করছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম বলেছে, গতকাল চূড়ান্ত সাক্ষী আইনজীবী রবার্ট কস্টেলোর সাক্ষাৎকার নেওয়ার পর আইনজীবীদের প্যানেল ভোটাভুটি করতে পারে।

বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মেয়র ও তাঁর সহযোগীদের সঙ্গে নিরাপত্তা ও আনুষঙ্গিক পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। এনবিসি নিউজ বলেছে, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ম্যানহাটনের ফৌজদারি আদালতের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে।

ডেমোক্রেটিক দলের জ্যেষ্ঠ নেতারা সতর্কতা জারি করে বলেছেন, বিক্ষোভের জন্য ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তাতে তাঁর সমর্থকেরা ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের সহিংসতার মতো ঘটনা ঘটাতে পারেন।

‘দ্য ডোনাল্ড’ নামের একটি অনলাইন গ্রুপে ট্রাম্পের সমর্থকেরা ‘জাতীয় ধর্মঘট’ ও গৃহযুদ্ধের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের আটক ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছেন তাঁরা।

কয়েকজন পর্যবেক্ষক মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে আগামী বছরের নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। তবে আরেক পক্ষ বলছেন, এতে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।