শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।
অবসর নেবেন সেটা ভাবেননি ভারতীয় অধিনায়ক। পরিস্থিতির কারণেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছেন রোহিত।বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবসরের কথা জানিয়েছিলেন ভারতের অধিনায়ক। অবসরের ঘোষণা দিয়ে রোহিত বলেছিলেন, ‘এটা ছিল আমারও শেষ ম্যাচ। বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আমি এটা (টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি) খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’
সংবাদ সম্মেলন শেষে ভারতের সাংবাদিকদের ফের মুখোমুখি হন রোহিত। এ সময় তিনি বলেন, ‘আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল,আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এ কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
টুর্নামেন্টে ফাইনালের আগে ৭৫ বলে ৭৫ রান করে চাপে ছিলেন কোহলি। ফাইনালে শুরুটা আক্রমণাত্মক করলেও অন্যপ্রান্তে দ্রুত উইকেট পড়ে যাওয়ার এক প্রান্ত ধরে রাখেন কোহলি। এ ইনিংসের কারণে ম্যাচসেরা হয়েছেন তিনি।
সে পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক হার্শা ভোগলেকে কোহলি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করেছি। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি—সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’
আদতেই কোহলি এমন ঘোষণা দিলেন কি না, ভোগলে সেটি নিশ্চিত হতে চেয়েছিলেন। কোহলি সেটি নিশ্চিত করে জানান, এখন পরবর্তী প্রজন্মের এগিয়ে আসার পালা। কোহলি বলেন, ‘ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) “ওপেন সিক্রেট” ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।’
২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ সংস্করণে অভিষিক্ত কোহলি ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে করেছেন ৪১৮৮ রান। রোহিত শর্মার পর এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে।
টি-টোয়েন্টি খেলতে আর দেখা যাবেনা রোহিত ও কোহলিকে, এমন কিংবদন্তি খেলোয়ারদের মিস করবে টি-টোয়েন্টি ভক্তরা নিঃসন্দেহে বহুদিন।