কাল বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দুইটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে। তার আগে গত কয়েকদিন ধরে সাগরিকায় কঠোর পরিশ্রম করছে দলটি। সাদা পোশাকের ব্যর্থতা ভুলে রঙিন পোশাকে আলো ছড়াতে বদ্ধপরিকর আফগানিস্তান।
টেস্টের আগে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। কিন্তু বাস্তবে ভালো তো দূরে থাকুক, বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। তবে টেস্ট ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে যে ছাড় দেবে না দল, সেই হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।
আজ মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী বলেছেন, ‘টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা এখন ভালো ভাবে প্রস্তুত। আবুধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সব কিছুর জন্যই প্রস্তুত।’
টেস্টে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশ সফরে এলেও ওয়ানডেতে পূর্ণশক্তির দল নিয়ে এসেছে আফগানিস্তান। বিশেষ করে রশিদ খান ফেরায় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অধিনায়কের কথাতেই সেটি বোঝা গেলো, ‘সে (রশিদ) আমাদের জন্য অনেক বড় নাম।
দলে যখন সে আমাদের সঙ্গে থাকে, অধিনায়ক হিসেবে আমি আত্মবিশ্বাস পাই। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচ খেলেনি। এখন সে ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।’
তবে বাংলাদেশকে বেশ সমীহ করছেন আফগানিস্তান অধিনায়ক, ‘বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালো ভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি।’
হাশমতউল্লাহ আরও বলেছেন, ‘সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।