টেবিলে আদা দেওয়া লাল চা, গলাতে খুসখুসি কাশি , দেহ চাচ্ছে বিশ্রাম নিতে অথচ মন বলছে তোমাকে চিঠি লিখতে , আমি তোমাকে লিখছি সঙ্গোপনে।
অনেক দিন পর আজ বৃষ্টিতে ভিজলাম, কেউ আমাকে বারণ করলো না, কেউ আমাকে শাসন করলো না, কেউ ওড়না বা শাড়ির আঁচল দিয়ে মাথা মুছে দিলো না ।
তোমার মনে আছে সেই তেইশ বছর আগের কথা, বৃষ্টি হলেই আমরা ক্যাম্পাস থেকে লুকিয়ে বের হয়ে যেতাম সোজা লেকের পাড়ে, ভেজা কদমের ঘ্রানে মাতাল হতে তুমি।
বৃষ্টিতে আমরা ভিজতাম ঝরা পাতা মাড়িয়ে, তোমার সাজসজ্জা একে বারে ধুয়ে যেত, প্রকৃতির মাঝে সমর্পণ এক প্রকৃতি কন্যার। তারপর এক সময় বৃষ্টি থেমে যেত, কাঁপা হাতে চায়ের কাপ কত যে তোমার কাপড়ে দাগ করেছে, তুমি রেগে গিয়ে আবার হেসে ফেলতে।
আচ্ছা তোমার কি মনে আছে একবার বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা জ্বর হয়েছিল, তুমি আমাকে শাসন করেছিলে, আর পাগলামি করা যাবে না, কিন্তু আমার থেকে পাগল বেশি তুমি হতে বৃষ্টি এলেই।
সেই তুমি হটাৎ হারিয়ে গেলে আমার জীবন থেকে, কত বৃষ্টিতে আমি খুঁজেছি তোমায় কদম ফোটা ঘ্রানে, লেকের পাড়ে, চায়ের কাপে । নিরুদ্দেশ তোমাকে খুঁজে না পেয়ে এক সময় আমারও আর ভিজতে ইচ্ছে করে না বৃষ্টিতে। তারপর বহু বছর পরে আবার ভিজলাম বৃষ্টিতে, অনেকটা অনিচ্ছাকৃত ভাবে, তোমার অনুপস্থিতিতে এখন রংধনু উঠে না আমার আকাশে।