বৃষ্টিকে মাথায় রেখে শেষ মুহূর্তে নিয়মের পরিবর্তন করলো, সব কিছু মিলিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে এশিয়া কাপ। রিজার্ভ ডের বাড়তি সুবিধা নিয়ে আজ সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
বিকাল সাড়ে তিনটায় ম্যাচটা সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
আর্থিক লাভের কথা ভেবেই ভারত-পাকিস্তান ম্যাচের বেলায় এত শিথিলতা। সব কিছু ছাপিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে গড়াতে পারলেই হলো। তার পরেও দুশ্চিন্তামুক্ত থাকা যাবে এমন নিশ্চয়তাও দিচ্ছে না প্রকৃতি। কারণ এখনও হুমকি হয়ে আছে বৃষ্টি। কলম্বোর আজকের আবহাওয়া রিপোর্টে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগ।
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। নেপালের বিপক্ষে ভারতের ম্যাচেও বাধা দিয়েছে। শেষ পর্যন্ত আজ আবহাওয়া অনুকূলে থাকলে লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাকে বিশ্বকাপ মাথায় রেখে পরীক্ষা করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না ভারতীয় দল। মার্চের পর চোটের কারণে ওয়ানডে খেলেননি রাহুল। জুলাইয়ের পর বল করেননি বুমরাও। তাই আজ একাদশে রাহুলকে আনা হলে বেঞ্চে বসতে হতে পারে ইশান কিশানকে। যার সর্বশেষ চার ইনিংসেই রয়েছে হাফসেঞ্চুরি।
প্রতিপক্ষ পাকিস্তান অবশ্য এই ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখছে। বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে তারা। বরাবরের মতো ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে।
ম্যাচটা যে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বিশ্বসেরা বোলারদের লড়াই। সেটা নতুন করে বলার কিছু নেই। গ্রুপ পর্বে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচেই শাহীন, নাসিম আর রউফদের গতির ঝড় দেখা গেছে। ভারতের ব্যাটার শুবমান গিলও পাকিস্তানি বোলারদের হুমকিকে এড়িয়ে যেতে পারছেন না, ‘আসলে তাদের ফাস্ট বোলাররা ভিন্ন প্রকৃতির। তাদের আলাদা বিশেষত্ব আছে। শাহীন বলের অনেক সুইং করাতে পারে। নাসিমের বলে অনেগ গতি, উইকেট থেকে সুবিধা পেতে পছন্দ করে। ফলে তারা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়।’
পাকিস্তান অধিনায়ক বাবর আজমতো ভারতের সামনে নিজেদের এগিয়ে রাখছেন। কারণ? জবাবটা শুনুন তার মুখেই, ‘আমরা টেস্ট সিরিজসহ শ্রীলঙ্কায় প্রায় আড়াই মাসের মতো কাটিয়েছি। তাছাড়া এলপিএল ও আফগানিস্তান সিরিজও খেলেছি। এখন এশিয়া কাপ। তাই আপনারা বলতে পারেন, এডভান্টেজের হিসেবে আমরা ভারতের চেয়ে কিছুটা এগিয়ে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।