বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।