দেশের চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা সারা দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজ খুলছে আগামী রবিবার (২৮শেএপ্রিল ) থেকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানেই রবিবার ক্লাস শুরু হবে।
এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে তা পূরণ করতে শনিবারও ক্লাস চলবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে মাউশি।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রবাহের কারণে ২০শে এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শ্রেণী কার্যক্রমচালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয় এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষার যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে।
অপরদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আগামীকাল শনিবার সিদ্ধান্ত নেয়াহবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
দেশের তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ক্লাসের দাবি জানিয়ে আসছিল ‘অভিভাবক ঐক্য ফোরাম’। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলুর সই করা ওই বিবৃতিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবংআবহাওয়া অধিদপ্তর বিশেষ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে। এর পরিপ্রেক্ষিতে সরকার ২৭শে এপ্রিল পর্যন্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ঘোষণা করে।