দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (BATBC) চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় বাড়লেও আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় ধস নেমেছে। এ সময়ে বিএটিবিসির নিট মুনাফা কমেছে ৫৫.১৩ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বিএটিবিসির আয় হয়েছে ২৩ হাজার ৪৮২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ হাজার ৩৪০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৫.১১ শতাংশ। আয় বাড়লেও আলোচ্য সময়ে কোম্পানিটির সিগারেট বিক্রি কমে গেছে। প্রথমার্ধে বিএটিবিসির সিগারেট বিক্রি হয়েছে ২ হাজার ৬৪২ কোটি ২০ লাখ শলাকা, আগের হিসাব বছরে বিক্রি হয়েছিল ৩ হাজার ৮২৩ কোটি ৪০ লাখ শলাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সিগারেট বিক্রি কমেছে ১ হাজার ১৮১ কোটি ২০ লাখ শলাকা বা ৩০.৮৯ শতাংশ।
সিগারেট বিক্রি কমে যাওয়ায় প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে। আলোচ্য সময়ে বিএটিবিসির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪১৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯২৫ কোটি টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৬৯ টাকা , আগের হিসাব বছরে যা ছিল ১৭.১৪ টাকা ।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বিএটিবিসির ইপিএস হয়েছে ১.৮০ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯.৪৮ টাকা । ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৯.৫৭ টাকা ।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বিএটিবিসির পর্ষদ। এর আগে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছে বিনিয়োগকারীরা। আলোচ্য হিসাব বছরে বিএটিবিসির ইপিএস হয়েছে ৩২.৪২ টাকা , আগের হিসাব বছরের যা ছিল ৩৩.১১ টাকা । ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৬.৮৮ টাকা ।
বিএটিবিসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।বিএটিবিসির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনও একই। রিজার্ভে রয়েছে ৫ হাজার ২২৪ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর ৭২.৯১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ০.৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.১১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪.১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮.১৫ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।