বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর মিরপুরে ৪ জনের মৃত্যুর ঘটনায় মাদ্রাসার অবৈধ বিদ্যুৎ সংযোগকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ রোববার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে এবং যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মেয়র বলেন, যে অবৈধ লাইন নিয়েছে তাকে দায় নিতে হবে। অবৈধ লাইন নেব আমি আর দায়ী হবে আরেকজন; এটা হতে পারে না।
তিনি বলেন, সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, মেয়র সাহেব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে। এই ঘটনা শুনে আমারও তো খারাপ লেগেছে। এর কারণ খোঁজ করতে গিয়ে দেখেছি অবৈধ লাইন একটি মাদ্রাসা থেকে নেয়া হয়েছে।
উত্তরের মেয়র বলেন, ‘মাদ্রাসা থেকে যে অবৈধ লাইন নিয়েছে তাকেই সেই দায়িত্ব নিতে হবে। যে অবৈধ লাইন নিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যা যা করণীয় তা আমরা করব।’
ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিতে নেয়ার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টার প্ল্যান তৈরি করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বলা হয়েছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই। ইতোমধ্যে বুয়েটকে বিদ্যুতের তার নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে জানিয়ে মেয়র বলেন, জলবায়ুর ক্ষতিকর দিকগুলো নিয়মিত মোকাবিলা করা খুব কঠিন হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদেশি সহায়তা প্রয়োজন। ডেঙ্গুসহ যেকোনো সমস্যা মোকাবিলায় ডিএনসিসির কাউন্সিলররা সর্বদা সক্রিয় রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।