বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য কার্যকর হয়েছে আজ সকাল ১০টা থেকে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৬২ টাকা।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী গ্রামপ্রতি স্বর্ণের দাম হলো ২২ ক্যারেট ২১ হাজার ২৬০ টাকা, ২১ ক্যারেট ২০ হাজার ২৯৫ টাকা, ১৮ ক্যারেট ১৭ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১৪ হাজার ১৭০ টাকা।
এ ছাড়া রুপার দাম গ্রাম প্রতি নির্ধারণ করা হয়েছে ২২ ক্যারেট ৪৯০ টাকা, ২১ ক্যারেট ৪৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪৩০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ বিক্রয়মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।