অর্থ লিপি

৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ২৫ ভাদ্র ১৪৩৩

প্রাইম ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল একীভূত হচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি অনুমোদিত পথনকশায় অপেক্ষাকৃত সবল কোম্পানির সঙ্গে দুর্বল কোম্পানির একীভূতকরণের উদ্যোগ নিয়ে আলোচনার মাঝে এ সিদ্ধান্ত জানা গেল।

সূত্র জানায়, প্রাইম ব্যাংক এবং ইউনিয়ন ক্যাপিটাল উভয় প্রতিষ্ঠানের সম্মতিতে শর্তসাপেক্ষে একীভূতকরণের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে উভয় প্রতিষ্ঠানকে জানানো হবে। প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদে কর্তৃত্বে রয়েছেন জ্বালানি খাতের ব্যবসায়ী ও প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী পরিবারের সদস্যরা। আজম জে চৌধুরী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমানে পরিচালক। তাঁর ছেলে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের বর্তমান চেয়ারম্যান। আমানতকারীর জমা অর্থ যথাসময়ে ফেরত দিতে না পারা, টানা পাঁচ বছর ধরে বড় লোকসানসহ বিভিন্ন সংকটে থাকা ইউনিয়ন ক্যাপিটালকে প্রাইম ব্যাংকের সঙ্গে একীভূত করার মূল উদ্যোগ নেন আজম জে চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, এ সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংকের সঙ্গে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূত হওয়ার ঘটনা হবে প্রথম। অবশ্য এর আগে ব্যাংকের সঙ্গে ব্যাংক কিংবা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি প্রতিষ্ঠান একীভূত হওয়ার ঘটনা রয়েছে। চরম খারাপ অবস্থায় থাকা আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণের কাজ চলছে বলে জানা গেছে। আর্থিক খাত সংস্কারের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অনুমোদনের পর এখন একীভূতকরণ-পরবর্তী ইউনিয়ন ক্যাপিটালের আমানতকারীর অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার পরিকল্পনা জানাতে হবে। এ ছাড়া সম্পদের মূল্যায়ন, মূলধন, ঋণ আদায় প্রক্রিয়া, কর্মীদের পুনর্বহালসহ সব বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি করতে হবে। তালিকাভুক্ত হওয়ায় এ বিষয়ে উভয় প্রতিষ্ঠান শেয়ারবাজারে ঘোষণা দেবে। সে আলোকে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর পরবর্তী কার্যক্রম পরিচালনা হবে।

বেশ আগে থেকে প্রাইম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করে আসছে ইউনিয়ন ক্যাপিটাল। এতদিন নীতিমালা না থাকাসহ বিভিন্ন কারণে কেন্দ্রীয় ব্যাংক তাতে সাড়া দেয়নি। এখন সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে একীভূতকরণের সায় পাওয়া গেছে। কয়েকটি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রাইম ব্যাংকের আমানত রয়েছে ৩৪ হাজার কোটি টাকার মতো। আর গত ডিসেম্বর পর্যন্ত ঋণস্থিতি দাঁড়িয়েছে ৩১ হাজার ৩০২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা বা ৩ দশমিক ৩৫ শতাংশ। ব্যাংকটি ২০২২ সালে নিট মুনাফা করে ৪০২ কোটি টাকা। ২০২১ সালে নিট মুনাফার পরিমাণ ছিল ৩১১ কোটি টাকা।

ইউনিয়ন ক্যাপিটালের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক মুন্সি শফিউল হক। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের তালিকায় রয়েছে পলমল গার্মেন্টস, ইসি সিকিউরিটিজ, এনরিলকো লিমিটেড, খুরশিদা চৌধুরী, কাজী গোলাম সামিউর রহমান, ওয়াকার এ. চৌধুরী, মেহেরুননেসা হক, প্রকৌশলী এম আবু তাহের, আব্দুস সালাম, রুনা এন. আলম ও রুমানা শরিফ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।