মাফিয়া
বরফের উপর ওরা কার কাটামুণ্ড নিয়ে ফুটবল খেলছে!
বরফের নিচে শবে শবে, কঙ্কালের হাড়ে হাড়ে ঘর্ষণে বজ্রের হর্ষধ্বনি;
পৃথিবী তার লুপ্ত হৃদয় বাজি ধরেছে প্রতি গোলে
প্রতি গোলে বিসর্জন যাবে এক একটা হৃদয়!
রক্তনদী জমে জমে এখানে হিম স্টেডিয়াম, ছুরি ও গুলির মতো এখানে উৎফুল্ল তুষারপাত
আকাশ থেকে নেমে এসে বধ করে উল্লসিত সব দর্শক;
যারা নিজেদের মৃত্যুর আনন্দে তলিয়ে যাচ্ছে কাফনের মতো হিম সাদা তুষারের ভেতর ।
হিম পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এসে সব পশু যদি মানুষ হয়ে যেতো,
সাদা সাদা পাহাড় লাল হয়ে যেতো কি ভয়ঙ্কর রক্তপাতে!
এমন ভয়ে আরও গহীন তুষারপাতে সাদা রক্তপর্বত আটকে রেখেছে সব গুহার মুখ,
তবু হাড়ে হাড়ে আর হৃদয়ে হৃদয়ে ঘর্ষণে আকাশে গর্জন করে বজ্র
যেন মানুষের সব পাপের মহাপ্লাবন স্থির অপেক্ষায় মেঘের ভেতর
এবার মহাপ্লাবন হলে স্বচ্ছ জল নয় পৃথিবী রক্তে ভেসে যাবে!
এদেরকে কি মাফিয়া বলে যারা তাদের রক্তলোলুপ জিহ্বার ছুরি
শান দিচ্ছে পৃথিবীর সব নষ্ট আত্মার সংঘ আর কর্পোরেট তীর্থে?
‘ওয়ালস্ট্রিট’ নামে যাকে ডাকে যার ভক্তকুল ও ভুক্তভোগী;
যে ভয় দেখায় তারচেয়ে যে ভয় পায় সে যে বড় অপরাধী
এটা না জেনে যারা লুকিয়ে আছে নিজেদের পাঁজরের কারাগারে!
হেডলাইট জ্বেলে মাফিয়ারা বেরিয়ে পড়েছে পৃথিবীর পথে পথে
ভয় দেখানোর আগেই যারা ভয় পায় তাদের ভয় দেখাতে,
তাদের মাথা কেটে জমিয়ে রাখতে উল্লসিত বরফের স্টেডিয়ামে ।
টেবিলে বসার আগেই ভীতুরা হেরে গেছে জুয়ার টেবিলে
মায়ের জঠরেই তো উচিৎ ছিলো তাদের হেরে যাওয়ার;
আর সেই পরাজয়ের সুযোগে অন্য কোনো ভ্রূণ এসে
বরফের মতো হিম সূর্যের ঠাণ্ডা কনকনে সন্ধ্যায়
আবার ফেরাতো নিভে যাওয়া আগুনের হারানো আলো!
আর এই যে যারা নিজেদের মায়ের রক্তের লোভে ছুটেছে
রক্তখেকো ড্রাকুলা লোভে ধারালো নখর, যাদের মাফিয়া বলে।
সাহিত্য পাতা পড়তে এখানে (ঢাকা শেয়ার বাজার সাহিত্য পাতা) ক্লিক করুন।
টি এম মিলজার হোসেনের কবিতা ‘শরতের জলদস্যু’
কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’
কবি লিটন রাকিবের কবিতা ‘বিষাদের দিনে’
বুকের মধ্যখানে বাস করে ধানসিঁড়ি ও বনলতা!
Author
-
প্রবর রিপন বর্তমান প্রজন্মের এক জনপ্রিয় নাম। তিনি একাধারে কবি, গীতিকার, সঙ্গীত শিল্পী ও গল্পকার। তিনি ১৯৮১ সালের ১০ই জুন ঝিনাইদহতে জন্মগ্রহণ করেন। Millennial Generation ও Generation G এর কাছে মূলত তুমুল জনপ্রিয় কবি, গীতিকার ও কণ্ঠ শিল্পী প্রবর রিপন। প্রবর রিপনের ৩ টি কবিতার বইসহ মোট ৫টি বই প্রকাশিত হয়েছে। তিনি যৌথ উদ্যোগে ‘সোনার বাংলা সার্কাস’ নামে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাইকেডেলিক রক ব্যান্ড করেছেন, যা ২০১৮ সালের গঠিত করেছেন। গঠনের প্রায় দেড় বছর পর প্রথম অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস' প্রকাশ করে। সোনার বাংলা সার্কাস এর দ্বিতীয় এ্যালবামের নাম মহা শ্মশান। ‘সোনার বাংলা সার্কাস’এর মূল গায়ক, গিটারিস্ট ও গীতিকার প্রবর রিপন। তিনি এর আগে মনসরনি নামে একটি ব্যান্ড দলে সাথে যুক্ত ছিলেন। তার লেখা গান ও কবিতা বিকল্প চিন্তাধারার প্রতিনিধিত্ব করে। দেশের নানা প্রান্তে স্টেজ পারফরম্যান্স করে এরই মাঝে জনপ্রিয়তা পেয়েছে ‘সোনার বাংলা সার্কাস’ নামের ব্যান্ড গানের দলটি। এই ব্যান্ডের জনপ্রিয়তা এপার বাংলা মতই ও অপার বাংলার (কলকাতার) মঞ্চে বিশেষ ভাবে পৌঁছে গেছে।
View all posts