দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি (NHFIL) গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা করে লভ্যাংশ পাবেন।
আজ মঙ্গলবার, ২৩ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ০.৭৪ টাকা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ০.০২ টাকা আয় হয়েছিল। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৬.৮৯ টাকা , যা আগে ঋণাত্মক ছিল ১৯.৭০ টাকা।কোম্পানিটির মুনাফা ও ক্যাশ ফ্লোতে (নগদ প্রবাহ) বিশাল ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলসম্পদ মূল্য ১৭.০৬ টাকা। যা আগে ছিল ১৬.৩২ টাকা।
আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। অর্থাৎ, ওইদিন যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই কেবল এই লভ্যাংশ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।