বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সুদূর আফ্রিকায় রপ্তানি হচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য এপি ব্রান্ডের গ্রিজ। দেশীয় প্রতিষ্ঠান গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেডের এপি ব্র্যান্ডের ‘গ্রিজ ইপি-২’ একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এমভি এইচআর রিয়া নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বার্থিং করে। ওই জাহাজে করে গ্রিজের চালানটি প্রথমে মধ্যপ্রাচ্য যাবে, সেখানে থেকে যাবে আফ্রিকায়।
এর আগে বৃহস্পতিবার নগরীর চট্টগ্রাম বন্দর সংলগ্ন এছহাক কনটেইনার ডিপোতে ৩শ ড্রামে মোট ১৫ হাজার কেজি গ্রিজ রপ্তানির জন্য একটি কনটেইনারে লোড করা হয়। চালানটি রপ্তানি এ্যাসেসমেন্ট শেষে বন্দরে পাঠানো হয়।
পেট্রোলিয়ামজাত এই পণ্য রপ্তানি প্রসঙ্গে গ্লোবাল অয়েল কোম্পানি নি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ লুব ব্লেন্ডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ অর্পণ বলেন, একটা সময় ছিল যখন সব ধরনের ইঞ্জিন অয়েল এবং গ্রিজ বিদেশ থেকে আমদানির উপর নির্ভর করে থাকতে হতো। তবে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতায় দেশেই আন্তর্জাতিক মানসম্পন্ন ইঞ্জিন অয়েল উৎপাদন হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদার প্রেক্ষিতে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এখন দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের এপি ব্র্যান্ডের গ্রিজ প্রথমবারের মতো আফ্রিকায় রপ্তানি হচ্ছে। পাশাপাশি লুব্রিকেটিং অয়েলও নিয়মিত রপ্তানি হবে। এনবিআরের ভ্যাট ট্যাক্স প্রত্যার্পণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ ব্যাংকের নগদ প্রণোদনা পেলে বিভিন্ন দেশের বাজারে লুব্রিকেট এবং গ্রিজ পণ্য রপ্তানিতে বাংলাদেশ জায়গা করে নিতে পারবে।
উল্লেখ্য, তৈরি পোশাক পণ্য বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য হলেও অপ্রচলিত অনেক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। যার মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।