দেশে টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস কম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন্দর থেকে পণ্য খালাসের হার ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। তবে কনটেইনার খালাসে জটিলতা হয়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে বহির্নোঙরে পণ্য খালাস কম হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডুবে যাওয়ার কারণে ব্যবসায়ীরাও পণ্য খালাস নেননি।
চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে সমস্যা না হলেও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বন্যার কারণে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফলে পণ্য নিয়ে সড়কে আটকা পড়ে আছে পণ্যবাহী যানবাহন। এদিকে চট্টগ্রাম থেকে রেলযোগাযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর থেকে রেলপথেও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া কনটেইনারের ৩ শতাংশ রেলপথে, ১ শতাংশের কম নৌপথে এবং বাকি ৯৬ শতাংশ সড়কপথে আনা-নেওয়া হয়। চট্টগ্রাম থেকে সড়কপথে অধিকাংশ পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন স্থানে যাওয়া-আসা করে। মহাসড়কে বন্যার পানি উঠে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে পণ্য আনা-নেওয়া থেমে আছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বৃষ্টির কারণে বহির্নোঙরে পণ্য কম ছিল। এ ছাড়া ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান ডুবে যাওয়ার কারণে বন্দর থেকে ব্যবসায়ীরা পণ্য খালাস করেননি।