ইসলাম মানে শান্তি, ইসলাম হল জীবনের সংবিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার নিয়ম। আমরা প্রায়ই কিছু সাধারণ বিষয়ে ভুল করে থাকি হরহামেশাই।
আমরা ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ বলতে গিয়ে এর ভুল ব্যবহার করে থাকি অনেক সময়। যেমন ভাই কেমন আছেন? উত্তরে সেই ভাই বলেন, ইনশা আল্লাহ ভাল আছি। কিন্তু ইনশা আল্লাহ মানে হলো মহান আল্লাহ যদি চান তাহলে। ভবিষ্যতে হবে, করবো বা ঘটবে এমন কোনো বিষয়ে ইনশাআল্লাহ বলা হয়।
তাই আজকের আলোচনা ইসলামি পরিভাষার নির্দিষ্ট কয়েকটি শব্দ নিয়ে, যে শব্দ গুলো প্রত্যেক মুসলমানই জানেন। কিন্তু এর সঠিক ব্যবহার সম্পর্কে অসচেতন। তেমন কয়েকটি শব্দ ও তার প্রয়োগ নিয়ে নিন্মে বর্ণনা করা হলো।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত শব্দটি বলা হয়ে থাকে। যেমন ভাই কেমন আছেন? জবাবে বলা উচিত, আলহামদুলিল্লাহ, ভালো আছি।
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্নি সোহা এ বছর ক্লাশে প্রথম হয়েছে। এরকম ভাবে ভালো অবস্থা বুঝাতে ও সুখবরের জন্যে আমরা আলহামদুলিল্লাহ ব্যবহার করব।
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ যদি চান তাহলে। ভবিষ্যতে হবে, করবো বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নত। যেমন– ইনশাআল্লাহ আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের জীবনের ১ সেকেন্ডের গ্যারান্টি নেই তাই আমাদের সব সময় যে কোন কাজ করার পূর্বে অবশ্যই ইনশাআল্লাহ বলা উচিৎ।
মাশাআল্লাহ
মাশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন। যে কোনো সুন্দর এবং ভালো বিষয়ের ব্যাপারে এটি বলা হয়। যেমন– মাশাআল্লাহ তোমার মেয়েটি বেশ সুন্দর। কিন্তু আমরা ব্যবহার করি, কিউট, ওয়াও ,জোস ,সেই রকম ইত্যাদি। আমরা সবাই চেষ্টা করব সুন্দর এবং ভালো বিষয়ের সবসময় মাশাআল্লাহ ব্যবহার করতে।
সুবাহান আল্লাহ
সুবহান আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান। আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন সুবহানাল্লাহ বাসটি খাদে পরে গিয়েছিল কিন্তু মানুষ যথাসময়ে বের হতে পেরেছেন ও সবাই অক্ষত আছেন। সুবাহানআল্লাহ গ্রহ নক্ষত্রগুলো কত সুন্দর ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে।
নাউযুবিল্লাহ
নাউযুবিল্লাহ শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছ থেকে আশ্রয় চাই। যে কোনো মন্দও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয়।
আসতাগফিরুল্লাহ
আসতাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্খিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে এটি বলা হয়।
ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অর্থ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। যে কোনো দুঃসংবাদ বা বিপদের সময় এ দোয়াটি পড়তে হয়। অনেকেই কেউ মারা গেলে এই দোয়া না পরলে যেন মৃত ব্যক্তিকে অপমান করেছে মনে করেন। আমাদের দেশে এই দোয়া মানুষ মারা গেলেই পড়ে সাধারণত।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ
অর্থ মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোনো আশ্রয় ও সাহায্য নেই। শয়তানের কোনো ওয়াসওয়াসা বা দূরভিসন্ধিমূলক কোনো প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত।
আস সালামু আলাইকুম
কারো সঙ্গে দেখা হলে অন্য কিছু না বলে আস সালামু আলাইকুম বলতে হয়। এটা সুন্নত আমল। এর সওয়াবও অনেক বেশি। আগে সালামদাতা অহংকার থেকে মুক্ত বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। সালামের অর্থ আপনার ওপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের ধনী ব্যক্তিগন অধনস্ত মানুষকে সালাম দেয়না, এমনকি অনেক মাওলানারা ও অন্য একজনকে দেখলে সালাম দেয়না, তিনি সালাম পাওয়ার জন্যে উদগ্রীব থাকে এটা এক ধরনের অহংকার।
জাযাকাল্লাহ
কেউ আপনার কোনো উপকার করলে– তাকে জাযাকাল্লাহু খায়রান বলুন। অর্থ মহানআল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমরা সাধারণত থাঙ্ক ইউ, থাঙ্কস, ধন্যবাদ বলি।
আল্লাহ হাফেজ
কারও কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলুন, আল্লাহ হাফেজ। অর্থ মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ হাফেজ বলা শেখানোর চেস্টা করি। টা টা, বায় এর পাশাপাশি।
প্রতিটা বিষয়ই আমাদের জানা কিন্তু আমরা প্রয়োগ করিনা। আবার অনেক সময় ভুল ভাবে ভুল বিষয়ে ব্যবহার করে থাকি। যারা মুসলিম তারা সবাই বিষয়গুলি আমাদের প্রত্যাহিক জীবনে ব্যবহার করার চেস্টা করি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।