শেয়ারবাজারে কোনো ধরনের কৃত্রিম হস্তক্ষেপ নয়, বরং বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার নীতিতে এগোবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবগঠিত কমিশন। একই সঙ্গে বাজারে কঠোর ও স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা, ধাপে ধাপে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন এবং কারসাজিকারীদের বিরুদ্ধে রিয়েল-টাইম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নতুন কমিশনের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাসুদ খান বলেন, “আমরা বাজারের নিয়ন্ত্রণব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। যেখানে প্রয়োজন সেখানে কঠোর ও স্মার্ট নিয়ন্ত্রণ থাকবে, আবার যেখানে সম্ভব সেখানে নিয়ন্ত্রণ সহজ করা হবে। আমাদের লক্ষ্য একটি প্রযুক্তিনির্ভর ও দক্ষ কমিশন গড়ে তোলা, যেখানে কাজ হবে দ্রুত, স্বচ্ছ এবং অংশীজনবান্ধব।”
কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান নতুন চেয়ারম্যান। তিনি বলেন, বাজারে কোনো ধরনের কারসাজিমূলক কর্মকাণ্ড শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, “কারসাজি নিয়ন্ত্রণে বিশেষ করে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর ওপর শুরু থেকেই নিবিড় নজরদারি থাকবে। বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাই হবে কমিশনের সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।”
শেয়ারদর নিয়ন্ত্রণে কৃত্রিম ব্যবস্থা নয়
নতুন চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছেন, শেয়ারের মূল্য নিয়ন্ত্রণ কিংবা বাজারের উত্থান-পতন ঠেকাতে কৃত্রিম কোনো ব্যবস্থার সঙ্গে কমিশন যুক্ত হবে না। বরং বাজারের স্বাভাবিক চাহিদা ও জোগানের ভিত্তিতে শেয়ারের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে বিএসইসি।
মাসুদ খান বলেন, “বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতি বজায় রেখে শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণ নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।”
নতুন কমিশনের পাঁচ অগ্রাধিকার
প্রায় ৩০ মিনিটের লিখিত বক্তব্যে নতুন কমিশনের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি পাঁচটি প্রধান অগ্রাধিকারের কথা জানান।
স্মার্ট ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠা:
বাজারের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা।
পুঁজিবাজারের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন:
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাজার পরিচালনা, নজরদারি ও সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা।
ভালো কোম্পানির তালিকাভুক্তি বৃদ্ধি:
মৌলভিত্তিসম্পন্ন ও মানসম্পন্ন কোম্পানিকে বাজারে আনতে উদ্যোগ নেওয়া। পাশাপাশি ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য নতুন কাঠামো তৈরির পরিকল্পনা গ্রহণ।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি:
বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো।
বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ:
বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাজারের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।
নতুন কমিশনে যারা
বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্টের গ্রুপ সিইও এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান।
অন্যদিকে চার বছরের জন্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের প্রধান আর্থিক কর্মকর্তা তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক।
তাদের সবাইকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।
দ্রুত পুনর্গঠিত হলো কমিশন
এর আগে বৃহস্পতিবার সকালে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের মাধ্যমে কমিশন পুনর্গঠনের কাজ সম্পন্ন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন কমিশনের ঘোষিত সংস্কার কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।