গত মাসে মার্কিন ডলারের আনুষ্ঠানিক দাম ১১৭ টাকায় নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। যার ফলে আমদানি খরচ আরও বেড়ে মানুষের ওপর চাপ বাড়ছে। তবে ডলারের মূল্যবৃদ্ধির কারণে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
সদ্য সমাপ্ত মে মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা ২০২০ সালের জুলাই মাসের পরে সর্বোচ্চ।
উল্লেখ্য ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো এখন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১১৮.৩০ টাকা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনছে। এদিকে পণ্য রপ্তানি ও প্রবাসী আয় হিসেবে আসা ডলারের মূল্যবৃদ্ধির কারণে পণ্য আমদানির খরচ বৃদ্ধি পাচ্ছে। দেশে যখন প্রায় ১০ শতাংশ মূল্যস্ফীতি চলছে, তখন আমদানি ব্যয় বাড়তে থাকায় তা মানুষকে আরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ১৩৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের ১ হাজার ৯৪১ কোটি ডলারের চেয়ে ১৯৬ কোটি ডলার, যা ১০ শতাংশ বেশি।
২০২২/২৩ পুরো অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। এক মাস বাকি থাকতেই আগের অর্থবছরের প্রায় সমান প্রবাসী আয় এসেছে এবার।
গত এপ্রিলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২০৪ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই মাসে ছিল ১৬৯ কোটি ডলার। সাধারণত প্রতিবছর ঈদের আগে প্রবাসী আয় বেড়ে থাকে।
কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত ২৯ মে ১৮ দশমিক ৭২ বিলিয়ন ডলারে নেমেছে। আগের মাস এপ্রিলে রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার, যা গত ডিসেম্বরের শেষে ছিল ২১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১ সালের আগস্টে। বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে আমদানি নিয়ন্ত্রণের পরও বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে।
আর্থিক বিশ্লেষকগন জানান ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে হলে অর্থ পাচার ও হুন্ডি রোধে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।