আজ বুধবার (৮ই নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রফতানি ট্রফি ২০২০-২০২১’ প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্বব্যাপী সংকট সত্ত্বেও দেশের রফতানি খাতের অগ্রগতি অব্যাহত রয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশের মোট রফতানি আয় ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এজন্য গার্মেন্টস খাত ছাড়াও অন্যান্য খাতেও রফতানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, মাত্র ১২ হাজার ডলার দিয়ে দেশের গার্মেন্টস রফতানি শুরু হয়। এখন তা উন্নীত হয়েছে ৪৫ থেকে ৪৬ বিলিয়ন ডলারে। এক হামীম গ্রুপ একাই সাতশ মিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য রফতানি করছে। এছাড়া অন্যান্য খাতেও রফতানি বাড়ছে।
রফতানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের রফতানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
এই লক্ষ্যমাত্রা অর্জনে গার্মেন্টস পণ্যের পাশাপাশি অন্যান্য খাতের পণ্যের রফতানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, যদি চামড়া, কৃষি, সিরামিকস, জুট, ওষুধ খাত সহ অন্যান্য খাত থেকে এক দুই বিলিয়ন ডলার করে রফতানি আসে তাহলে গার্মেন্টস খাতসহ সব মিলিয়ে এই লক্ষ্যমাত্রা অর্জন খুব একটা কঠিন কিছু হবে না।
রফতানির পাশাপাশি আধুনিক ও পরিবেশবান্ধব কারখানা স্থাপনেও বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কারখানাগুলো আধুনিক হচ্ছে। বিশ্বের শীর্ষ ১৫টি সবুজ কারখানার মধ্যে ১৩টিই এখন বাংলাদেশে।
বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পর ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি তুলে দেয়া হয় স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে।
রফতানিকারকদের অবদানের স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে প্রতি বছরই দেশের বিভিন্ন পণ্যের শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে এই জাতীয় রফতানি ট্রফি দেয়া হয়।
প্রতি বছরই ‘জাতীয় রফতানি ট্রফি’র জন্য প্রতিটি খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। তবে সব খাতে যথেষ্ট সংখ্যক যোগ্য আবেদন না থাকায় ২০২০-২০২১ অর্থবছরের ক্ষেত্রে রৌপ্য ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে ট্রফি প্রাপকের সংখ্যা কিছুটা কম হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।