গতকাল বুধবার (২৯ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার নিজ দপ্তরে দেখা করে ঢাকা সফররত আদানি গ্রুপের পূর্ণকালীন পরিচালক প্রণব বিনোদ আদানি বাংলাদেশকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়েছে বলে জানা গেছে।
আদানি গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করলেও প্রণব বিনোদ আদানি একাধারে আদানি অ্যাগ্রো, ওয়েল ও গ্যাস কোম্পানির এমডি হিসেবেও দায়িত্ব পালন করছেন। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বকেয়া বিদ্যুৎ বিলের অর্থ দ্রুত পরিশোধের অনুরোধ জানান।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে প্রণব বিনোদ আদানি বলেন, আমরা মনে করি বাংলাদেশে অনেক সুযোগ আছে। এখানে বিনিয়োগ করার বিষয়ে আমরা কি ভূমিকা পালন করতে পারি সেটি নিয়ে আলোচনা হয়েছে।
আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। তারা এরই মধ্যে অনেক বিনিয়োগ করেছে, আরও করতে চায়। আদানি গ্রুপের পাওনা অর্থ পরিশোধের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পাওনা থাকলে দিতে হবে না?
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশের বকেয়া আছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে আদানির কাছে বকেয়ার পরিমাণ ৩ হাজার ৬৩৭ কোটি টাকা। তবে এটিও পুরো বকেয়া নয়, কোম্পানিটি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ আরও বেশি পরিমাণ অর্থ পাবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদানি পাওয়ারের সেপ্টেম্বরের আংশিক এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাসের পুরো বিল বকেয়া আছে। এ সময়ে কোম্পানির মোট বকেয়ার পরিমাণ ৩ হাজার ৬৩৭ কোটি টাকা। এর সঙ্গে মার্চ এপ্রিল ও মে মাসের হিসাব যোগ করা হলে বকেয়ার পরিমাণ আরও বাড়বে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।