দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড (ADNTEL) আন্তর্জাতিক মানের উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাই–টেকপার্কে ১.৭৫৩ একর বা ৭,০৯৫ বর্গমিটারের জমি লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে, ৪০ বছরের জন্য লিজের মাধ্যমে এডিএন টেলিকমকে এই ভূমি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ হাই–টেক পার্ক কর্তৃপক্ষ (বিএসটিপিএ)।
যার প্রতি স্কয়ার মিটার যায়গার জন্য বছরে ১.৫০ মার্কিন ডলার ভাড়া হিসেবে দিতে হবে কোম্পানিটিকে। অর্থাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বরাদ্দকৃত এ ভূমির ভাড়া হিসেবে প্রতি বছর ১০,৬৪২.৫০ মার্কিন ডলার হাই–টেকপার্ক কর্তৃপক্ষকে দিতে হবে।
তবে এ ভাড়ার পরিমাণ অপরিবর্তিত থাকবে প্রথম ১০ বছর। এর পর থেকে প্রতি ৩ বছর পরপর এ ভাড়ার পরিমাণ সর্বোচ্চ ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।