অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

অর্থ বিভাগের অনুমোদন ছাড়া নতুন প্রকল্প নয়: অর্থ মন্ত্রণালয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন প্রকল্পসহ কোনো ধরনের আর্থিক প্রভাবসম্পন্ন পদক্ষেপ গ্রহণের আগে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে সই করেছেন যুগ্মসচিব কাউসার নাসরী।

পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ (সংশোধিত ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত) এর রুল-১৩ তে উল্লেখ আছে, ‘অর্থ বিভাগের সহিত পূর্ব পরামর্শ ব্যতীত কোনো মন্ত্রণালয়ই অনুমোদিত বাজেট বহির্ভূত এমন কোনো আদেশ জারি করিবে না, যাহা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রজাতন্ত্রের আর্থিক বিষয়কে প্রভাবিত করে।’

এছাড়াও সচিবালয় নির্দেশমালা ২০২৪ এর নির্দেশ ১৫১-এ বর্ণিত রয়েছে, অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের সহিত কোনো বিষয়ে পরামর্শ করিবার ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’-এর বিধান সতর্কতার সঙ্গে পালন করতে হবে। অর্থাৎ এই নির্দেশনা যথোপযুক্তভাবে অনুসরণ করার আবশ্যকতা রয়েছে।

প্রায়ই দেখা যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অর্থ বিভাগের আনুষ্ঠানিক পরামর্শ ছাড়াই অবকাঠামো নির্মাণ, হাসপাতাল স্থাপন বা শয্যা সংখ্যা বাড়ানোর মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এসব উদ্যোগ সরকারের স্থায়ী আর্থিক দায় তৈরি করছে, যা বিদ্যমান বিধির পরিপন্থি।

এ ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে রুলস অব বিজনেস, ১৯৯৬ (সংশোধিত ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত) এর রুল-১৩ এর ব্যত্যয় হয়। এর ফলে সরকারের পরিচালন ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় এবং অনাকাঙ্ক্ষিত বাজেট ঘাটতি দেখা দেয় বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে, সব মন্ত্রণালয় ও বিভাগকে নতুন প্রকল্প বা ব্যয়সম্পৃক্ত কোনো উদ্যোগ নেয়ার আগে রুল-১৩ এর বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।