চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স স্পিনিং মিল লিমিটেডের তুলার গুদামে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় লাগা আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনীর ৪টি, নৌবাহিনীর ৪টি, বিমানবাহিনীর ২টি, বিজিবির ৪টি ফায়ার ফাইটিং ইউনিটসহ ২৩ ইউনিটকে কাজ করতে হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গুদামটিতে ঝালাইয়ের কাজ করার সময় আগুন লাগে। এরপর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে এসে আগুনের ভয়াবহতা দেখে সেনা, বিমান ও নৌবাহিনী এবং বিজিবির ফায়ার ইউনিটের সহযোগিতা চান। তুলার গুদামটিতে ২ হাজার ৭০০ টন আমদানি করা তুলা ছিল বলে জানান তিনি।