মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (আগে ছিল ৫টা পর্যন্ত)। ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে।
এ ছাড়া দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে—যা আজ শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত রবিবার
শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী রবিবার থেকে আলাদা নির্দেশনা দেওয়া হবে।
তবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইন ও স্বশরীর ক্লাস মিলিয়ে সমন্বিত পদ্ধতির পরিকল্পনা রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যে অতিরিক্ত উদ্যোগ
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত। নতুন বাস আমদানিতে শুল্ক ছাড় (শর্তসাপেক্ষে) এবং বৈঠকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনেরসংশোধনীর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষায় সব ধরনের অপরাধের বিচার করা যাবে।
সরকারের মতে, এসব পদক্ষেপ জ্বালানি সাশ্রয় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সামগ্রিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।