দেশের বাজারে সোনার দাম টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে টানা দুই দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ফলে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ধারার পর এবার বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৪১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে।