ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।তবে ক্রেডিট কার্ডের ব্যবহার দেশে কমলেও বিদেশে বেড়ে গেছে। বাংলাদেশিরা বিশ্বের যেসব দেশে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তার মধ্যে ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে (UAE)। গত সেপ্টেম্বর শেষে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের দিক থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে দেশটি। আগস্টে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত(দুবাই)ছিল সপ্তম স্থানে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে ইউএইতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ২৭ কোটি টাকা। সেই খরচ সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা ১২ কোটি টাকা বা ৪৪ শতাংশ বেশি অর্থ খরচ করেছেন। ইউএই ছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সৌদি আরব, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ যেসব দেশে বাংলাদেশিরা বেশি অর্থ খরচ করেন, সেখানে এক মাসের ব্যবধানে খরচের ক্ষেত্রে এত বেশি তারতম্য হয়নি।
এদিকে দুবাই চেম্বার অব কমার্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মালিকানাধীন নিবন্ধিত কোম্পানির সংখ্যা বেড়েছে। এই ছয় মাসে বাংলাদেশিদের মালিকানাধীন ১,০৪৪টি কোম্পানি দুবাই চেম্বারের সদস্যপদ নিয়েছে। তাতে দুবাই চেম্বারের সদস্যপদ পাওয়া বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০,৯৭৫।
এ ছাড়া ৬ নভেম্বর অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এক বৈঠকে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, দুবাইয়ে ১৩ হাজার কোম্পানি খুলেছেন বাংলাদেশিরা, প্রতিজন ৫ কোটি টাকা করে বিনিয়োগ করেছেন। পর্তুগালে আড়াই হাজার বাংলাদেশি নাগরিকত্ব নিয়েছেন। প্রত্যেকে ৫ লাখ ইউরো করে বিনিয়োগ করেছেন। এই অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশীদের ভ্রমণ বেড়েছে। অনেকে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত হয়েছেন। ফলে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়লেও দেশের ভেতরে ক্রেডিট কার্ডে অর্থ খরচ কমেছে সেপ্টেম্বরে। দেশের ভেতরে বিভিন্ন ধরনের কেনাকাটায় সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডে অর্থ খরচ হয়েছে ২,২৪৯ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ২,৪৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে কেনাকাটায় খরচ কমেছে প্রায় ১৮৯ কোটি টাকা বা পৌনে ৮ শতাংশ। তার বিপরীতে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯ কোটি টাকা বা সাড়ে ৪ শতাংশের বেশি।
গত আগস্টের মতো সেপ্টেম্বরেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন ভারতে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে। এ দুই দেশে বাংলাদেশিরা সেপ্টেম্বরে খরচ করেছেন ১৪২ কোটি টাকা। এই দুই দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছেন ইউএই, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরে। আর দেশের বাইরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোর, খুচরা দোকান ও ফার্মেসিতে।
ক্রেডিট কার্ড ইস্যুকারী দেশের ৪৩টি ব্যাংক ও ১টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন তৈরি করেছে। গত মঙ্গলবার প্রতিবেদন টি প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে-বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে।গত সেপ্টেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে নগদ উত্তোলন করেছেন প্রায় ২৫ কোটি টাকা। আর দেশের ভেতরে নগদ উত্তোলনের পরিমাণ ছিল ১৯৪ কোটি টাকা।এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিদেশে ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে। তবে দুবাইয়ে অস্বাভাবিকভাবে ক্রেডিট কার্ডের ব্যবহারের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখতে পারে। কারণ, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যসহ নানা ধরনের কর্মকাণ্ড বাড়ছে। এমনকি দুবাই চেম্বারেও বাংলাদেশিদের সদস্য হওয়ার ঘটনা ঘটছে। তাই পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার।