সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এক বিশ্বকাপে দুবার দেশে ফিরলেন লিটন দাস। গত ৩১শে অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা থেকে এক দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ঢাকায় এসেছেন গতকাল আবার। বিসিবি সময় বেঁধে দিয়েছে, কালের মধ্যে পুনেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। কাল অনুশীলনও করতে হবে।
সূত্র মোতাবেক জানা যায়, লিটনের এবারের দেশে ফেরা সহজ ভাবে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। দিল্লিতে চন্ডিকা হাথুরুসিংহের কাছে ঢাকায় আসার জন্য ছুটি চাইলে কোচ নাকি লিটনকে বলেছিলেন, বিসিবি রাজি থাকলে তাঁর আপত্তি নেই। পরে লিটন দ্বারস্থ হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদের।
মাহমুদই ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন। বিশ্বকাপের মধ্যে বারবার দেশে আসা নিয়ে ঢাকা থেকে আপত্তি তোলা হলেও লিটন এই যুক্তিতে ছুটি পেয়ে যান যে জোর করে দলের সঙ্গে রেখে দিলে তিনি যদি অনুশীলন আর খেলায় মন না বসান! তার চেয়ে দেশে এসে একটা দিন কাটিয়ে যাওয়া ভালো।
মানবিক দিক বিবেচনা করে লিটনকে আবারও দেশে আসার অনুমতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে বিসিবি বিরক্ত। সংবাদমাধ্যমে লিটনের দেশে আসার খবর দেখে চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। লিটন যদি শর্ত মেনে কালকের মধ্যে পুনেতে ফিরে না যান, তাহলে তাঁর ব্যাপারে কঠোরও হতে পারে বিসিবি। ১১ই নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এদিকে বাতাসে গুঞ্জন ভাসছে, স্ত্রী সন্তানসম্ভবা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকেও ছুটি চেয়েছেন লিটন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।