ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এই আক্রমণ বলে জানিয়ে আসছে তারা। এই পরিস্থিতিতে লোহিত সাগরে এবার হুতিদের হামলা মোকাবিলায় ১০ দেশের জোট গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল সোমবার (১৮ই ডিসেম্বর) এক বিবৃতিতে বেশ কয়েকটি দেশের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধজাহাজ যা কারছে ওই সব দেশ তা করবে কিনা, এখনও পরিষ্কার নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন সফরের আগে এসব দেশের একমত হওয়ার কথা জানিয়েছেন লয়েড অস্টিন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন। এই টহলের নেতৃত্বে থাকবে আমেরিকা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি এমন একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে। তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি।
তিনি আরও বলেন, ‘যেসব দেশ নৌচলাচলের স্বাধীনতার মৌলিক নীতিকে সমুন্নত রাখতে চায় তাদের অবশ্যই এই অ-রাষ্ট্রীয় গোষ্ঠীর সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রিত হতে হবে।’
তবে সম্প্রতি এই এলাকায় মার্কিন বাহিনী যা করেছে, এসব দেশ তা করবে কি না-তা জানানো হয়নি। হুতিদের মোকাবিলা করতে এই গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে আসছে মার্কিন বাহিনী। এছাড়া হুতির হামলার শিকার জাহাজে দ্রুত সহায়তা প্রদান ও উদ্ধার কার্যক্রম শুরু করে দেশটি।
গত ৭ই অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলগামী পণ্যবাহী জাহাজগুলোতে নিয়মিত হামলা করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এবং ইসরাইলকে বাণিজ্যিকভাবে চাপে ফেলতেই এসব পণ্যবাহী জাহাজে হামলা করছে।
গত সোমবারও হামলা হয় দুটি জাহাজে। এর জেরে এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দেয় কয়েকটি কোম্পানি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।