শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসছেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামীকাল ১১ মে (রবিবার) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের বিষয় ‘শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত মঙ্গলবার মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার কাছে চিঠি পাঠিয়ে এ বৈঠক আয়োজনের কথা জানিয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ বৈঠকে সভাপতিত্ব করবেন।
চিঠিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, শুধু অর্থ উপদেষ্টা, বিএসইসি চেয়ারম্যান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করে শেয়ারবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণের কাজ সম্পর্কে ভালো ধারণা পাবেন না প্রধান উপদেষ্টা। যমুনায় রবিবার অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ডিএসই, সিএসই, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ব্রোকাস অ্যাসোসিয়েশন ইত্যাদি সংস্থার প্রতিনিধিদের থাকা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, সব পক্ষের প্রতিনিধি ছাড়া বৈঠক করলে বাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ নিয়ে একপেশে ও অসম্পূর্ণ ধারণা পাবেন প্রধান উপদেষ্টা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।