দেশের রাজস্ব আয় বাড়াতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের ওপর ইনহেরিটেন্স ট্যাক্স চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, অনেক ক্ষেত্রে উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পদ পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সম্পদের ওপর ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ প্রচলিত রয়েছে। বাংলাদেশেও উচ্চমূল্যের সম্পত্তি— বিশেষ করে সিটি করপোরেশন এলাকার সম্পত্তি, পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের সময় উত্তরাধিকার কর আরোপের বিষয়টি বিবেচনাকরা হচ্ছে। মিউটেশনের আগে এ কর আরোপ করা যেতে পারে।
রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে দুর্নীতি ও ফাঁকফোকর বন্ধে জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ম্যানুয়াল পদ্ধতি তুলে দিয়ে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হবে।
এছাড়া, ভ্যাট খাতে ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা চালু করা হয়েছে এবং আয়কর খাতে ২০২৫-২৬ অর্থবছর থেকে শতভাগ অনলাইন রিটার্ন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।