মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে প্রতিদিন দেশে গড়ে সাড়ে ৫ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে।
একক মাস বা একদিনের হিসাবে এই লেনদেন আর কোনো মাসেই হয়নি। গত ডিসেম্বর মাসে এই লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলেন, এমএফএস প্রতিষ্ঠানগুলোর গ্রাহকের চাহিদানুযায়ী নতুন নতুন সেবার বিস্তারে নতুন উদ্যোক্তা এজেন্ট থেকে শুরু করে গ্রাহক অ্যাকাউন্টের পরিমাণ ব্যাপক বাড়ছে। ফলে লেনদেনে রেকর্ড হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানানো হয়, গত ডিসেম্বরে মোবাইলে ১ লাখ ৬৪ হাজার ৭৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিনের গড় হিসাবে যা ৫ হাজার ৪৯১ কোটি টাকা। একক মাস বা একদিনের হিসাবে এই লেনদেন সবচেয়ে বেশি; দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর পর এত বেশি লেনদেন আর কোনো মাসেই হয়নি। আগের মাস নভেম্বরে ১ লাখ ৫৬ হাজার ৭৮৮ কোটি টাকা লেনদেন হয়েছিল; যা ছিল এতদিন সর্বোচ্চ। তার আগে অক্টোবরে ১ লাখ ৫৪ হাজার ৮৫৭ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছিল। সেপ্টেম্বরে ১ লাখ ৪৫ হাজার ৬৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। আগস্টে লেনদেনের অঙ্ক ছিল ১ লাখ ৩৭ হাজার ৯২১ কোটি টাকা। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১ লাখ ২২ হাজার ৯২২ কোটি টাকা লেনদেন হয়েছিল।
কেবল টাকা পাঠানোতেই নয়, দেশের অর্থনীতিতেও গতি সঞ্চার করেছে মোবাইল ব্যাংকিং। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবামূল্য পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ প্রবাসী-আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন অন্যতম পছন্দের মাধ্যম। এই সেবার কারণে বেড়েছে নতুন কর্মসংস্থান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।