গত শনিবার (১ জুন) বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গির কবির নানক নরসিংদীর কারারচরে দেশের প্রসিদ্ধ জুট মিল মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন। বস্ত্র ও পাটমন্ত্রীকে সাথে নিয়ে মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখান।
বাংলাদেশের উৎপাদনমুখী স্বনামধন্য কোম্পানি মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড শতভাগ রপ্তানি ও আইএসও সার্টিফাইড এবং বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
উল্লেখ্য, এক দিনের সফরে বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী জাহাঙ্গির কবির নানক গত শনিবার বেলা ১২টায় শিশু অ্যাকাডেমির হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাট চাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দুপুর ২টায় পৌর পার্কে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং পাট অধিদপ্তর ও জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন।

বিকাল ৪টায় তিনি সার্কিট হাউজের হল রুমে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। সার্কিট হাউজ থেকে তিনি সরাসরি শিবপুর উপজেলার কারারচরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুট মিল পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৬টায় সদর উপজেলার সাহেব প্রতাবে অবস্থিত তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহিদ মিনার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুরো ইনস্টিটিউট ঘুরে দেখান এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে ঐ দিনের কার্যক্রম শেষ করেন। এসময় তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গির কবির নানক বলেছেন, পরিবেশবান্ধব সোনালি আঁশ পাট বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস।
তিনি বলেন, স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাটশিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক পাট খাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে।