বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম ৩ ঘণ্টায় প্রায় ২২ শতাংশ ভোট পড়েছে। আজ সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ধীরগতি থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে বলে জানান সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন করিব।
রিটার্নিং কর্মকর্তা আজ বেলা সোয়া ১১টায় প্রথম আলোকে বলেন, ভোট শুরুর পর প্রথম ২ ঘণ্টায় সকাল ১০টা পর্যন্ত মোট ভোটের ১৫ দশমিক ৯৬ শতাংশ পড়েছে। এরপর পরের ঘণ্টায় তা বেড়ে ২২ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। ভোট পড়ার হার আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, ভোট গ্রহণে ধীরগতির কারণ হচ্ছে এবার প্রথম ইভিএমে ভোট হচ্ছে সব কেন্দ্রে। ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ায় শুরুতে ধীরগতি ছিল। বিশেষ করে, নারী ভোট কেন্দ্র গুলোয় এবং বৃদ্ধদের ভোট দিতে বেশি সময় লাগছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ।
বরিশাল সিটি করপোরেশনের এই নির্বাচনে ১২৬টি কেন্দ্রের সব কটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ আর নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। ৩০টি ওয়ার্ডের ৮৯৪টি ভোটকক্ষের প্রতিটিতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
আজ সকালে ভোট গ্রহণ শুরুর পর নগরের ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষের তুলনায় নারীদের ভোট কেন্দ্র গুলোয় লাইনে অনেক নারী ভোটার দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাঁদের অনেকে বলছেন, এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও ভোট দিতে পারেননি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।