ঢাকার গুলশানের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম অসুস্থ আত্মীয়ের উন্নত চিকিৎসা করাতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছেন । সেখানে গিয়ে এক দালালের কাছ থেকে টাকার বিনিময়ে কম কমিশনে ভারতীয় মুদ্রা সংগ্রহ করেন তিনি। পরে ১৯টি পাঁচশো রুপির জাল নোটসহ তাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
স্থানীয় পুলিশ জানায়, গত ৫ই অক্টোবর ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছান রফিকুল। কলকাতারই একটি হোটেলে ওঠেন। শুক্রবার (৬ই অক্টোবর) আত্মীয়কে নিয়ে দক্ষিণ কলকাতার বাইপাসের কাছে ওই বেসরকারি হাসপাতালে যান তিনি। প্রাথমিকভাবে চিকিৎসা ও পরীক্ষার জন্য তাকে ২৪ হাজার রুপি জমা দিতে বলা হয়। নোট পরীক্ষা করার সময়ই জানা যায়, তাদের জমা দেওয়া ১৯টি নোটই জাল।
হাসপাতাল কর্তৃপক্ষের থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান আনন্দপুর থানার পুলিশ সদস্যরা। পরে জাল নোটগুলো উদ্ধার করে রফিকুলকে গ্রেফতার করে থানা পুলিশ।
রফিকুল পুলিশের কাছে দাবি করেন, তিনি ঢাকায় পরিচিতদের কাছ থেকে নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিটে মুদ্রা বিনিময় কেন্দ্রের তথ্য জেনেছিলেন। তিনি আরও তথ্য পেয়েছিলেন, কয়েকজন দালালও ডলার অথবা বাংলাদেশি টাকার বদলে ভারতীয় রুপি কম কমিশনে বিনিময় করে থাকে।
রফিকুলের দাবি, তার সঙ্গে এমনই এক দালালের যোগাযোগ হয়। তিনি তার কাছ থেকেই নগদ টাকা নেন। কিন্তু জানতেন না যে, পাঁচশো রুপির নোটের মধ্যে জাল নোট মিশিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের ধারণা, রফিকুলের বক্তব্য সত্যি হলে জাল নোট পাচারকারীরা বিদেশিদের মাধ্যমে জাল নোট পাচার করার নতুন পদ্ধতি নিয়েছে। এই পাচারে তারা সাহায্য নিচ্ছে মুদ্রা বিনিময়কারীর। বিদেশি মুদ্রা বিনিময়ের সঙ্গে যুক্ত কিছু দালাল বিদেশি মুদ্রার বদলে বিদেশিদের দিচ্ছে জাল নোট।
যদিও গ্রেফতার রফিকুল ইচ্ছাকৃতভাবে কম কমিশন দিয়ে জাল নোট নিয়েছিলেন কি না, সেই তথ্য জানতে তাকে টানা জেরা চলছে। আবার বাংলাদেশ অথবা সীমান্ত এলাকা থেকে তিনি জাল নোট সংগ্রহ করেন কি না, তা-ও জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।