ইলেকশন মনিটরিং ফোরামের আয়োজনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমের প্রতিনিধিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টেরি ইসলে, আয়ারল্যান্ড থেকে আসা ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক নিকোবর পউল, জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউসুকী সুগু এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী এনডি লিন।
এদিকে, ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার।
বৈঠকে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, সংবিধানে যেটা আছে সে আলোকেই শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষক টিম মত দিয়েছে।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, মূলত আলোচনা হয়েছে নির্বাচন কমিশন কী কী করছে, প্রার্থীদের ওপর হামলার ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে ইত্যাদি বিষয় নিয়ে। আমরা জানিয়েছি যেকোনো দেশ পর্যবেক্ষক পাঠাতে পারে, তবে তার আগে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমিত নিয়ে তাদের আসতে হবে।
এদিকে, মার্কিন প্রতিনিধি টেরি ইসলে বলেন, সংবিধান তো তত্ত্বাবধায়ক সরকার সাপোর্ট করে না। পদ্ধতিটা ভালো হলেও আপনাদের আইন পরিবর্তন করতে হবে, সেটা তো সম্ভব না।
বর্তমান পদ্ধতিতেও নির্বাচন কমিশন অবাধ নির্বাচন করতে পারবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পরিবেশের ওপর লক্ষ্য রাখছে।
এর আগে, গত ১১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল। ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই বৈঠক হয়।
ওই বৈঠকে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো হিল্লেরির নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।